রুমির বাগিচা হতে এক গোছা গোলাপ
রুমির রচনার সাজি হতে এক গুচ্ছ প্রেম-গন্ধী গোলাপকে অনুবাদের চেষ্টা করলাম। রুমির কবিতায় ঈশ্বর বা প্রার্থিতের কাছে পৌঁছবার এক ও অনন্যমাত্র পথ প্রেম। বিশ্ববন্দিত ফার্সি কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (জন্ম ৩০ সেপ্টেম্বর ১২০৭, মৃত্যু ৩০ ডিসেম্বর ১২৭৩)। রুমি নামেই তিনি সর্বাধিক পরিচিত। আইনবিদ্যা, ধর্মতত্ত্ব , সমাজবিদ্যা, শিক্ষা প্রভৃতি বিচিত্র বিষয়ে তাঁর অসীম অবদান থাকলেও, বিশ্ববাসী কবি হিসেবেই তাঁকে মনের মনিকোঠায় স্থান দিয়েছেন। রুমির কবিতার পরতে পরতে জড়িয়ে থাকা অতীন্দ্রিয়বাদ , সুফীয়ানার শুভ্রতা ,অধ্যাত্ম দৃষ্টি এক অননুভূতপূর্ব প্রেমের নিগড়ে ঈশ্বর ও মনুষ্যকে অপরূপ বন্ধনে বাঁধে। অবলীলাক্রমে তিনি ঘুচিয়ে দিতে পারেন ঈশ্বর ও প্রেমিকের সব বিধুর দ্বন্দ্ব ও দূরত্ব। আমার এ অনুচিকীর্ষায় কোলম্যান বার্কস ও জন মোনের অনূদিত 'দ্য এসেনসিয়াল রুমি' , দীপক চোপড়া সম্পাদিত 'দ্য লাভ পোয়েমস্ অফ রুমি', কবীর হেলমেনস্কি সম্পাদিত 'দ্য রুমি কালেকশন' প্রভৃতি গ্রন্থাদির ঋণ অপরিসীম। ১ তোমার হৃদয় হতে চূয়ত এক বিন্দু নিধি অঞ্জলি-বদ্ধ করপূটে ধরে নিতে দাও। হবে না অথির ,অস্বস্তি-বতী তুমি।...