সবার মাঝের সামাজিক ; তোমাকে
ইচ্ছাডানার ভরে যেখানে ইচ্ছা ঘোরো , বেড়াও; সাধ্যমত। সত্যি ভালোবাসায় সিক্ত রও। সতত। ভালোলাগায় , ভালো কর্মে, ভালো যাপনে বাঁচো। যথাসম্ভব। শুধু দশকানের দেখনদারি , দশদিক খোলা আদিম হাটে নিজেকে উন্মুক্ত কোরোনা। ঐ দু'বিন্দু জোনাক-জ্যোতির বুদ্বুদ কী দ্যায় ? অতি নশ্বর আলো মাত্র। নেট ফুরোনো নেটাগরিক; সৌভাতৃত্ববোধের ভাইরালি রন্ধন ... জ্বর বা ভাইরাস কেউই খুব একটা দীর্ঘায়ু নয়। জনতা , জনসমাগম আদতে সব ভালোকে অতি দ্রুত উপদ্রবে বদলে দ্যায় ... তোমার ভালো সর্বৈবকে ধ্বংস করে। তাই না ব্যাখ্যা, না জবাবদিহি, না বিজ্ঞাপন। হাঁটো , দৌড়োও , পড়ো - ওঠো , ওড়ো ... তোমাতে লুকানো খুর, ডানাকে কাজে লাগাও, বরং ।