আই-লাইনার্স ৪
৩১ আমি তোমার শল্করাশিমধ্যে এক নিমজ্জমান , শীতের খুঁটে লেগে থাকা করুণ কোনো গান। ৩২ চলা সহজ, থামা কঠিন। থামতে চলি? বলা সহজ, ভোলা কঠিন। ভুলকে ভোলাই! ৩৩ কেঁদে লাভ নেই, দুঃখে লাভ নেই ... লাভ তো শুধু অপ্রাপনীয়াকে ভালোবেসে ! ৩৪ তোমার বার্তা-দীপ আর আমার পানে চায় না, 'কোনো বার্তা নেই' এটাই তো বড়ো বার্তা। ৩৫ ভেজা চোখ নিয়ে ঘুমোনোর মরিয়া চেষ্টা... এ লড়াই একপাক্ষিক, একান্ত অনুপম সংগ্রাম। ৩৬ একটা নদী দৌড়ঝাঁপে অল্প একঘেয়ে হয়েছিল। আমার বাঁকে তার মুহূর্তের থমককে প্রেম ভেবেছিলাম! ৩৭ নব সবুজ হাত আর গহিন মনের অনন্ত বিথারে , আমার হীনছায়াদের মরে যেতে দাও, প্রভু! ৩৮ পঙ্খী, অনন্ত আকাশ তো তোমার নামেই ছিল; নীড়েবন্দী নয়, তোমার সঞ্চরনই চাইতাম। তবু... ৩৯ তোমার ফেলে যাওয়া আমায় অন্ধ করেনি ; বুঝিয়েছো তোমার উচ্চাসনের ব্যবধান ... ৪০ ফিরিয়ে আনবো কিসের জোরে, অধিকারে? হে চলিষ্ণা, তোমার চলচিহ্ন তো আমার হৃদয়ের রসকলি।