আত্ম ও আত্মার আলাপন ৫
আলোর যাওয়া আসা নেই। সে কখনও চলে যায়না; তাই তার ফেরার ব্যাপারটা অবান্তর। সে অনন্ত দীপ্র, অশেষ ভাস্বর। যাকে আমরা একটা জীবন বলি; আসলে তোর কাছে আসলে তা একটা দিন মাত্র। এই দিন মাত্রই আমার সর্বৈব আয়ু। ভোরের নির্জ্ঞান আঁধার দিয়ে আমার জীবনের শুরু। ক্রমে তোর বদান্য দাক্ষিণ্যে দূরত্ব হারাতে হারাতে তোর আলোয় ভরে উঠলাম। সম্বিত হারিয়ে ভেবে ফেললাম তুই আমি সমান। ভালোবাসি পরস্পর। আবেগের বেগের দায় আলোর নয়; দায় আলোকিতের। একান্তই আমার । সব সম্পর্কেই বিকেল আসে ; ক্রমে, সন্ধ্যে... রাত। আবার ভোর। ফের স্বস্থানে ফেরার স্বাভাবিক গড়ান গতি। হ্যাঁ রে, তোর কথাটাই ঠিক; এ বিশ্বটা গোলাকার! বৃত্তায়ত। এক পার অন্য পারে পৌঁছবেই। দেখা হবে। তুই চাস বা না চাস! দেখা হবেই জন্মের সাথে মৃত্যুর ; বিরহের সাথে মিলনের ; কান্নার সাথে হাসির ; অবহেলার সাথে যত্নের ; ঘৃণার সাথে প্রেমের। হোক না তা কিয়ৎকালের ! ...