আই-লাইনার্স ২
১১
এ সব আন্তরিক অভ্যাস না ভদ্রতা ?
এ রমনীয় শিল্পখর্চা বন্ধ করাই ভালো।
১২
হ্যাঁ , আমি ভালোবাসি।
মনবিরূদ্ধ ভদ্রতাটা কি ছিল খুবই জরুরী ?
১৩
নাগালে রেখেছো। মনেতে রাখোনি ।
এ কী রকম প্রতিশোধ শুনি !
১৪
আমার দর্শন, স্পর্শ, নৈকট্য সবই ঘৃণ্য।
এ স্বর ? দেবতাহীন দৈববাণীর কি দরকার?
১৫
তোমায় অতল ভালোবাসি বলে -
অস্বীকারকে স্বীকার বলে চালিয়েই যাবে ?
১৬
শীতমৃত্যু কি অনন্ত ? রক্তাক্ত-যন্ত্রনা কেন থামে না ?
হে প্রেম , আমার আপ্রাণ আর্তনাদকেও মৃত্যু দাও !
১৭
না বক্ষলগ্ন অশ্রুযাপন ,না নিঃশ্বাসে নিঃশ্বাসের তান;
দূরত্বশিল্পকে আর কী কী নামে ডাকবে ? জান!
১৮
উন্মন অনন্ত নিষ্ঠুর আদুরে বিকেল গুলো ...
তোমার ইন্ধনে আমায় নিয়ে ছেলেখেলা করে!
১৯
'বুড়োবয়েসী ছেলেমানুষ' বলেই চলে গেলে ?
রোগের উপসর্গ ধরিয়ে মরিয়ে ফেলেই গেলে !
২০
তোমায় ভুলে যাবো কিম্বা তুমি আমায় মনে নেবে -
কেউই কাউকে কোনো কথা বা পাত্তা কিছুই দিইনি !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন