কিচেন নাইফ বা নো ম্যানস্ ল্যান্ড

দুই দূর দিগন্তে আছি আমরা।
একই বেদনায় গ্রথিত!
এক চিলতে স্মিত উঠোন
নোম্যানস ল্যান্ড।কারো একার নয়।
নয় শুধু আমার...

আমি একা, তুমি নেই?
হতে পারে! হয়তো।
তোমার কায়ায় চেয়েও সত্য
এক আস্ত অস্তিত্ব আমার
আমার হয়ে আছে...
সর্বদা, সর্বথা!

তুমি তাকে চেনো না? জানো না!
আমার প্রার্থনায় জন্মিতা সে...
তোমার গায়ের সঙ্গে সে লেগে নেই ?
ঘ্রাণে, শিহরণে, স্মরণে বিস্মরণে?

তাহলে তো তাকে গ্রহণ - প্রত্যর্পণ
কোনও কিছুরই অধিকার নেই তোমার।

আমাকে আমার মতো বাসতে দাও।
ভালো।
আমাকে বাসাহীন, বিশ্বহীন করার চেষ্টা
কোরো না দোহাই ।

বুমেরাং এখনও কাজ করে। ভুলোনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০