হর এক মেঘ জরুরী হোতা হ্যায়

ভাদুরে শারদ রাত সাধারণত এত শীতল হয় না। হয়তো ভেতরের গুমোট, বাইরে এসে তুলনার তুলাদন্ডে পড়ে হেরে যাচ্ছে । আসলে, মেঘেরা দিনের ঝগড়া দিনেই মিটিয়ে নিচ্ছে। বৃষ্টির হালফিলের হালখাতা লোভে টইটম্বুর। ব্যাঙ্কের তো ব্যাংয়ের  দশা চলছে ... বেশী টাকা বানের তোড়ে বিদেশগামী হচ্ছে। নদী নালা যতটা পারছে টানছে, বাকিটা বমির কারেন্ট অ্যাকাউন্টে ঢালছে। ফল যাইহোক, বৃষ্টি কিস্তিতে কিস্তিতে মস্তিতে বেশ পড়ছে। ব্যাপারটা পজিটিভ।
      পজিটিভ নামক ভদ্দরলোক আদতে বেশ রক্ষণশীল। এটা ঠিক ঘরের বউ দমিয়ে রেখে পরের বউ দেখার পজেসিভ পলিসিটা নয়। এই গ্রহে ভিন্ন মত, পথ, চোখ, হাত ও স্বার্থের  এল. ও. সি. -র সংখ্যা খুব কম নয়। তোমার ছোঁড়া ঢিল, কখনও এ পারে এসে ফুল হয়ে যেতেও পারে। সবই দেখা, দেখতে পারার ওপর নির্ভরশীল। তোমার নিরুত্তর দেওয়ালে আঁকা আমার ভ্রান্তিকাব্য ; ও  পিঠে প্রহসন হতে পারে। তোমার এক শব্দে সব বুঝে ফেলার কাছে , আমার নিযুত না পাঠাতে পারা  ছিন্নপত্রেরা সংখ্যা বিচারে নঞর্থক। যত কথা, যত ব্যথা, যত আকুল আলিঙ্গনের জন্ম ব্যর্থ হয়েছে...  তারা সবাই  তোমার কাছে এক একজন নেতিবাচক নেড়ি মাত্র।
      জানলা দরজার অভাবহীন অন্তর্জগতে সংক্ষুব্ধ সংরাগ, সতৃষ ইচ্ছে  ,অতৃপ্ত কথালাপেরা মনের কথা আর কাজের কথার মধ্যে ঝড় জাগা স্বাভাবিক। বলাবাহুল্য, এই অপ্রবেশ্য প্রবেশ দ্বার দিয়ে কাজের কথাদের হারিয়ে ক'ফোঁটাই মনের কথা ঝরতে পারে! নঞ, ন,  না ছাড়া আর কেউই সঙ্গী হবার নয়। মেঘের দুই স্বাভাবিক পরিণতি - আরও মেঘেদের সাথে জড়ো হয়ে বড়ো মেঘ হওয়া বা ঝরে ঝরে মরে যাওয়া। আরও মহৎ দুঃখের অংশ হওয়াটা  ইতিবাচক। আর ঝরণগামীতা...  নঞর্থক। সখী, এ দেহ না ছাড়লে অন্যদেহ পাবো কেমনে! একটা 'না' আসলে আগত হ্যাঁয়ের আবাহনী। মহালয়া খুব দূরে নয়। শুভকামীদের পূজাবিলাসের একান্ত অপেক্ষায় ইতি আসন্ন। ইতিবাচক ইতিবাচতায় ঘাড় নাড়ছে শরতের যবনিকার খুঁট ধরে থাকা কাশেরা ; মাটিতে নেতিয়ে পড়ে থাকা শিউলিরা হয়তো নেতির বিজয়া-বিদায়গীতি স্মরণ করছে; মরণ কালে।
    আর একদিকে মরতে পারবে না বলে কিছু অন্ধ মানুষ ভবিষ্য মৃত্যুর ভয়ে বেঁচে চলছে ; বুকপকেটে মনটার মুখ চেপে ...! শেষ ঠিকানা জানা আছে ; শুধু দূরত্ব জানা নেই। কূপমণ্ডুক নেতিবাচক কৃমিরা সব।

 তোমার রসুইখানার পুরোটাই উন্মুক্ত হয়ে যেত। মেঘ না থাকলে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০