বাসন্তী রঙা ছিন্ন পাতারা

এ লিপিকা-গুচ্ছ আজ ও অতীতের প্রেমিক-প্রেমিকাদের হয়ে লিখিত।সম সময়ের উতল  হাওয়ায় উল্টে পাল্টে যাওয়া সম্পর্কের রশি।থরো থরো কথালাপ। অসংহত, অসংযত এলোমেলো কলাপাতার কিনারার মত গতি এদের। বসন্তের গায়ে  বহুবর্ণ বসন এখন। সব ভাব ভাবনা শেষতঃ থিতোয় মধুরে, শমে। এ পর্ব অকপট আখরে লিখিত। ভালোবাসাহীনতার কলমে ভালোবাসার কথা।


এতটা ব্যস্ত রও

যাতে দুঃখ স্মরণের
সময়ও না থাকে!


সুমন সুমনারা
অঙ্কে বড্ড কাঁচা হয়।


জীবন আলোক প্লাবিত হোক
এ আশায় তোমায় আশা করি না।

আমি চাই
তুমি অন্ধকারে আমার
একান্ত পাশে থাকো।


আমি কেন ফিরে এলাম?

তুমি যে থাকতে বলো নি;
একবারও!


ভালো মানুষ
সর্বদা স্মৃতিতে থাকেন

দুর্দান্ত মানুষ
সদা স্বপ্নে থাকেন

আর দ্বায়িত্বপ্রবণ মানুষ?
সর্বদা হৃদয়ে বাঁচেন।


কোনো হৃদয়কে বুঝতে হলে -

সে যে ঝড়ের ভেতর দিয়ে আসছে
আগে তা অনুভব করা উচিত ।


যখন তুমি কারো হয়ে
নির্নিমেষ প্রার্থনা করো ;

আসলে তুমি তোমার
খাঁটিতম ভালোবাসাটাই বাসছো!
তখন।


গতকালের ঝঞ্ঝা
যদি আজকের সম্পর্কে
দাগ না আনে...

খুব দামী নিগড় এটা।


ছেলেমানুষের মতো ডানা-ঝাপটানি,
তোমাকে এড়িয়ে এড়িয়ে
উড়তে চাওয়া মানুষের
চেয়ে -

'আচ্ছা, এসো চেষ্টা করে ‌‌তো দেখি ... '
এমন মানুষের কথা পারলে
একবার ভাবতে পারো।

১০

এসো সব কিছু ভুলে
উন্মনা, মদমত্তের মতো হয়ে যাই-

আর
 আমাদের মাথাব্যথা নিয়ে
ভাবতে বসি, বলতেই থাকি...

১১
তোমার থাকাটার মূল্য
যে দিতে পারে না ;

তাকে বোঝানোর
আর বৃথা চেষ্টা করো না।

১২
জানো,
তোমার পক্ষে আমাকে ছেড়ে যাওয়া ;
অনেকটা যেন সম্মুখ-দন্ত হারানো ...

সোনা, ওই হাসিটা যে
আর হাসতেই পারবে না!

১৩
এভাবে সদয়, মরমী রও

এতে তোমায়
বেশ সুন্দর লাগে।

১৪
হাতে হাত রাখো বা ছাড়ো
যা ইচ্ছা!

আমার অন্ততঃ এরকম
খামখেয়ালী পরিকল্পনা নেই!

১৫

তুমি যা কিছুকে
ভালোবাসতে শুরু করবে;
তা সুন্দর হয়ে উঠবেই!

সে নিঃসঙ্গতা বা বিচ্ছেদ
যাই হোক না কেন।

১৬
সবুঝপণা হলো -

সদ্য লিখিত পুরো পরিচ্ছেদটা মুছে ফেলে...
'ভালো আছি' লিখে ফেলা!

১৭

কারো প্রতি উৎসর্গীকৃত
হওয়ার আগে...

বিচ্ছেদের সহন-প্রস্তুতি
ভেবে রাখা ভালো।

আদতে কোনও পথ হয় কি?

১৮

আমার ইচ্ছে

তোমার 'একান্ত ইচ্ছে ' হতে!

১৯

অপর হৃদয়কে বুঝে ওঠা
একটা বড় শিল্প।

তাই সবাই শিল্পী হতে পারে না।

২০
বেশীর ভাগ অশ্রু
অক্ষি হতে অবয়বে
ঝরে পড়ে।

আর এক কান্না আছে-
হৃদয় থেকে আত্মায়
ছাপিয়ে ওঠে!

২১
ফুল, মিষ্টি বা দামী উপহার
কোনও কিছু নয়;

ভালোবাসলে পারলে
শ্রদ্ধা টুকুই দিও। শুধু।

২২
অশেষ ধন্যবাদ তোমায়

যখন আমার মনোবিদের
কাছে যাওয়ার ক্ষমতা ছিলো না...

তুমি সর্বদা পাশেই ছিলে!

২৩
আমি চেষ্টা করছি,
চেষ্টা করছি আপ্রাণ...

পারলে বিশ্বাস করো!

২৪
পদপিষ্ট হবার পরে
পুষ্পশাখা যদি ফের
কুুঁড়িময় হতে পারে -


তুমিও পারবে।

২৫

'তুমি কী পাগল হয়ে গ্যাছো! '
যখন শতবার বলতে,
তখন আসলে প্রকৃতিস্থ ছিলাম।


এখন আমি সত্যিই পাগল হয়ে আছি!

আচ্ছা, তুমি কি জ্যোতিষ?

২৬
সম্পর্কের রশি আবছা হলে...

স্মৃতিরা আরও স্পষ্ট হয়।

২৭

কারোর কাছে মনের গহীন কোন
উন্মুক্ত করার আগে...

সামনের মানুষটা হয়তো
কথার ব্যাপারী কিম্বা নাট্যলেখক
কিনা নিশ্চিত হয়ে নাও। আগে।

২৮
কখনো  কারো তরে
নিজেকে গৃহবন্দী মনে হয়েছে?

বন্ধু ,তুমি প্রেমেই আছো!

২৯
যদি কখনো আমায়
ছেড়ে যেতেই হয়,

যদি আত্মসম্মানের হয়
তা অবশ্যই কোরো।
দোহাই, অহংবশে ভেঙো না!

৩০

'আমি কেন যে এমন...! '
কখনও এভাবে অন্দরে বাহিরে
কেঁদেছো?


তুমি আসলে তার মতো করে
ভালোবাসার চেষ্টা করেছো ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০