বাসন্তী রঙা ছিন্ন পাতারা - ২

মিলন আর বিচ্ছেদ দুই অভিন্ন হৃদয় বন্ধু। একই শাড়ির দুই পাড়। এক মাটিতে উদ্ভিন্ন, একই স্রোতের স্নাতক। এ পর্বের কলি গুলোর বেশীর ভাগেরই অক্ষিকোণ ব্যথার বাদলে রঞ্জিত।আর কথাগুলো নিতান্তই ধূলি ধূসরিত এসময়ের। তুমি চাইলে ধূলো ঝেড়ে, তোমার কোলের,  কাছের করে নিতে পারো! তবে, এদের যোগ্যতাই বা আর কত!

৩১
জানি আমি বিরাট কিছু নই!
আমাকে ফিরে যেতে দাও...

বোঝো কি,
আধ খানা ভালোবাসা কতটা জ্বালায়!

৩২

-'বাইক না গাড়ী? '

- 'চলো না, হাঁটি! '
মাখন-রঙা শমিত স্মিতি
আলিঙ্গনে ঘিরে ফেললো চারপাশ!

৩৩

বন্ধুরা জিজ্ঞাসা করলো,
'ভাই, জীবন কেমন চলছে? '

উত্তর এলো-
'ও তো খুব ভালো আছে! '

৩৪
খুউব শক্ত করে
ডানা গুলো মুচড়ে,
চোখ, নাক, মুখ চেপে ধরো ...
ও যে মারা পড়বে!

কিম্বা, অবহেলার অভ্যেসে
আলতো ধরে রাখো,
ও তো পড়ে যাবে, উড়ে যাবেই!

যদি যত্নে জড়িয়ে রাখো
সম্মানে, শুশ্রূষায় বাঁধো ...

পাখি হোক বা সম্পর্ক
কখনো ছেড়ে যাবে নাকো।

৩৫
কিভাবে একা বাঁচতে হয়

শুধু এটা শেখাতেই
কিছু মানুষ জীবনে আসে।

 ৩৬
 এখন কিম্বা যখন হোক

বুঝতেই হবে
'তুমি আসলে কেউ নও,
কিস্যু নও!'

 ৩৭
 প্রেমের সবচেয়ে ভালো দিক -
 সে সব কিছু বদলে দেয়।

আর খারাপ দিক?
সব কিছু সারাজীবনের জন্য
বদলে দেয় !

 ৩৮
 পুরোনো প্রলম্বিত
 কথোপকথন , কথামালার কাছে
 বারে বারে ফিরে যাই ...

আর ব্যাকুল হয়ে
খুঁজি...

'আমার দোষটা আসলে কোথায় ছিল! '

  ৩৯
  আমার হৃদয় ভাঙতে,
  তার চূর্ণীকৃত পতনাবশেষ দেখতে
  অ্যাতো ভালো লাগে!

আর কোনও শখ খুঁজে পেলে না!

  ৪০
  তুমি কি খুব ক্লান্ত?
  একটু জিরোও...
  সময় সব ঠিক করে দেবে।

দোহাই, নিজেকে ছেড়ে যেও না!

আসলে এখানে ফেরার
আর কোনও গান হয় না! 

মন্তব্যসমূহ

  1. একগুচ্ছ মিষ্টি খারাপ লাগা। অসাধারণ অপূর্ব...😍😍😍😍

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কারও কাছে এসব হয়তো বেদনা বিলাস ! কারও কাছে বেদর্দ সত্য।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০