বাসন্তী রঙা ছিন্ন পাতারা - ৩

বিরহ বলো কিম্বা মাথুর ; আসলে ওরা ভালোবাসাতেই বাঁচে। একজন শেষ করে গেলেও আসলে শেষ হয় কি! একা অন্যজন অনেক অনেক বেশি কাঁদা, হাসা, আশা, ভালো চাওয়ার সুযোগ পায়। আর যদি দুই তীরই বেমালুম সব ভুলে যেতে পারে; বন্ধু, ওটা অন্য কিছু ছিলো; প্রেম নয়। এ পর্বে কালোর গায়ে লেগে থাকা আলোক বিন্দুদের গ্রহমুক্তির একপ্রস্থ চেষ্টা করা গেল!

৪১
আমি শ্রেষ্ঠ নই।
তবু যে আমার হাতে
 হাত রেখেছো!

এ ঋণ অশোধ্য।

৪২
তোমার সাথে থাকলে,

আমি পঙ্খী না পতনশীল ...
ঠিক বুঝে উঠতে পারি না!

আমার পায়েরা তখন আর মাটি ছোঁয় না ;
এতটুকু বুঝতে পারি শুধু ...

৪৩
শুদ্ধতর প্রার্থনা ব্যর্থ হলে,

ভাগ্যহীন তুমি নও; সে!

৪৪
কখনও কখনও
সব দুশ্চিন্তা গুলোকে
প্রবল দুশ্চিন্তায় ফেলে ...

চোখ বন্ধ করে
হৃদয়ের পথে চলাই ভালো!

৪৫
আমৃত্যুর কথা জানি না।

কখনো আমি ভালোবাসার
অযোগ্য হয়ে পড়লে ...

আমায় বলেই যাবে!
কথা দাও।

৪৬
আমি ঈর্ষক
আমি উন্মন
আমি উন্মাদ
আমি চিন্তাগ্রস্ত
আমি জিজ্ঞাসু
আমি প্রবল ভাবে শিশু হয়ে পড়ি
কখনো কখনো ...
তোমার জন্য!

কি করি বলো তো!

তোমার জানাশোনা কোনো
হস্টেল জানা আছে?
ঠিক চোখাচোখি তোমার বাড়ির পাশে!

কিম্বা কোনও প্রখ্যাত বেত্রধর !
৪৭
তোমার আত্মা আলোর বন্যা ঢেলেছে,
তোমার দুর্দান্ত দুর্দম কেশদাম
ঝড়ের গালে চুমু আঁকছে বারবার ...
তোমার হৃদয় কত কি যে দিতে আকুল ...!

তবে আর দেরি কোরো না ;
  নিশ্চিত আমায়
  তোমার খুব মনে পড়ছে!
 
৪৮
'আমি কেন আগে কথা বলবো!'
এ হলো অহং!

'আমি কেন বারবার আগে কথা বলবো!'
এ হল আত্মমর্যাদাবোধ।

প্রিয়ে পার্থক্যটা বোঝো।

৪৯
এতো অপরূপ পাগল
যখন করে ফেলেছো ...

এবার তো ভালোবাসায় ভরাও,
ভরাও আমায়!পূর্ণ করো...

৫০
'আজীবন এভাবে ভালোবেসে যাবো !'

এ কথা গুলো বলতে
যে সময়টা চুরি যাবে,
এ ক্ষয়-খামতির দায়ভার কে নেবে!
তুমি?

জানো, এটুকু পলও না ভালোবেসে ,
আমি যে সত্যিই মরে যাবো!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০