অথ: আদর গীতিকা

আমার পদতলে জাগা দূর্বা ঘাসেরা
আজও সবুজ ঝলমলে...
শুধু বেঁকেছে তাদের পথ;দুর্বার।
ফিরে আসছে ;আমার পা বেয়ে
কোমর ছুঁয়ে সর্বাঙ্গে ছড়াচ্ছে।
রোমেরা মিথ্যে প্রতিপন্ন হচ্ছে
বদলে যাচ্ছে ওদের সহায় সম্পত্তি, নাম,পরিচয়!
বুঝতে দিচ্ছে সঅব...
ব্যথার কোমল পালক বুলিয়ে দিচ্ছে
সারা গায়ে ; আলোর, তোমার ভালোর উপশম।

কথা ছড়াচ্ছে, প্রবোধ জাগাচ্ছে...
'পবিত্র অনন্ত ব্যথায় বাঁচো! '
আর একা নও তুমি...
একা নও কখনও। তুমি। -
এ প্রবোধ-বাক্য গুলো কেন দ্রৌপদীর আঁচল নয়!
এখনও পোস্টার সাঁটাবার বহুলাংশ বাকী -
ধ্রুবপদ গুলো গাইবার তরে তোমার কাছে
সারাজীবনের ফুরসত আছে তো?
আমার শুনতে আপত্তি নেই।
জানি, অবোধের তরেই প্রবোধের জন্ম।


তুমি কি ভুলে গ্যাছো?
হাতে হাত রেখে বুকের অতলান্ত গভীরে
পুঁতে দিয়েছিলে একটি মাত্র বীজ।
ভালোলাগার! অবহেলায়?
আগুন সামলানো এত কী সহজ!
আঁচল সামলানোর মতো?
অগ্নির দ্বিপথ মানি.. নির্বান অথবা ভস্মন।
জ্বলনের নাম চারিত জীবিত দুর্ব্বা।
কী অননুভূতপূর্ব!

অপরূপ দুব্বো ঘাসের মাঠ ; এদেহে -
আর কেউ গড়াগড়ি দেবার
চারিত আগুন নেভাবার
কিম্বা কোলে মুখ গুঁজে পড়ে থাকবার
আলতো চিমটি বা ফুঁপিয়ে কাঁদবার!
আর, আর কেউ নেই!
মাটি নিয়ে কোনও দুশ্চিন্তা নেই!
আচ্ছা, তৃণভোজী ছাড়া তৃণের দাম
আর কোত্থাও নেই! সত্যি?

তুমি তো প্রান্তর চুরির গান গল্প সবই শুনেছো।
ধূ ধূ নির্জন মাঠের আস্তিনে লোকানো চিঠি
কখনও পেয়েছো? প্রার্থনা করেছো কখনও?
শুধু ঋণী করে যাওয়া ও
স্মৃতি-বীজ বপন ছাড়া আর কিছুই শেখো নি?

এ অপূর্ব আদর কোথা হতে শিখেছো! আদরিণী!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০