আত্ম ও আত্মার আলাপন ৪

মেঘ ক্ষীনায়ু। স্বল্প জীবনের মধ্যে উন্মেষ, উদ্ভাস, যৌবনের আলোক স্পর্শ,  হাসি, কান্না সবটাই  ঘটে। অতি স্বল্পায়ু রঙে রঞ্জিত। তোর ইচ্ছের রঙে সদা রঞ্জিত এক মেঘ ।আমি। কখনও আশমানী, শুভ্র, নীল, কৃষ্ণীল, রজত বা কনকবরণ! যেমন সাজাস, তেমনই সাজি।
                 তার তিরোধান কখনো বজ্রে, কখনো ঝঞ্ঝায় কখনো বা বর্ষণে। তুই অশেষ আকাশ। যত দিন বেঁচে থাকি, তোর আশ্রয়েই থাকি। মেঘে মেঘে কতো কথা, ছোট ছোট লড়াই। আড়ালে গিয়েও সদা স্বস্তিময়। তুই আছিস তাই।
                 গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য...  জ্যোতিষ্কলোক তোর আশ্বাসে, আশ্রয়ে সদা লালিত। মহাবিশ্ব আর মৃত্তিকার যতটা অসম্ভবতম যোগ কল্পনায় টিকে আছে ; তার কারণ তুই। ক্রন্দসী আর দিগন্তের প্রণয় তোর সহায়েই। তুই জীবিতের প্রাণবায়ুর প্রাঙ্গণ ; মৃতের অবলম্বন। তুই আশ্রয়, উদ্ধারক ; তুই পারাপার।
                 আমি ঝরমান মেঘ।তুচ্ছ, বিকট, বিলীয়মান।  দেখতে দেখতে সব মেঘের মতো আমিও ঝরার পথে। শুধু শেষের অপেক্ষা ...
               
তুই অশেষ, তুই উদার, অনন্ত,অফুরান।তুই পথ, তুইই উদ্দেশ্য। তোর কাছে আসবার তরেই আমার জন্ম। আবার ফেরার জন্য যাওয়া। খেদহীন... ছেদহীন...  ফিরে ফিরে আসা শুধু।

আকাশে, মহাকাশে ঘরবাঁধা প্রায় অসম্ভবই।
মেঘের  কাছে এ  সত্য অচিন্তনীয় ।
হ্যাঁ, অসীম উদ্বাহু আকাশই সত্য। মেঘ নয়। তোর বাহু, ক্রোড়ে, কোটিদেশে জনম... লালন...  ঝরন...
তুলনার অংশ হতে,বৃষ্টির- সৃষ্টির অংশ হতে আসি।
ভালোবাসি। ঝরি, মরি। ফের আসি।
আবার। আরও আরও ভালোবাসি।
আকাশের ভালোবাসা অপ্রাপনীয় ... তাই তোর ভালোবাসা পেতে নয় ... 
বারে বারে দশদিশে তোতে ঘিরে রইতে ; তোর মতের স্রোতে বইতে ; মিঠেমধুর বেদন সইতে; অশেষ অলীক কথা কইতে; জীবিত একথা বুঝতে; বিশ্বাস করতে আসি ...
তোকে ভালোবাসি; তাই ভালোবাসতে আসি!
তোকে ঘ্যানঘ্যানিয়ে...
 ঘনঘন ঘুরে ফিরে আসি... কাঁদি, হাসি...
ভালোবাসি! ভালোবাসি! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০