অশুশ্রুষ্য
একদিন ঠিক হয়ে যাবো -
সুস্থ ; কিংবা
কফিনে পেরেক-বদ্ধ। স্বাভাবিক।
তুমি আসবে ,যাবে
ঘৃণাবে, অবহেলাবে,
তুচ্ছোবে ...
নিয়মিত।
তবু মরে যাবো না।
মননের তন্ত্রে তন্ত্রে ,
কামনার রন্ধ্রে রন্ধ্রে ...
দীর্ঘশ্বাসে আকীর্ণ
এক বন্দী হয়ে পড়ে রইবো ! একা!
যাতনার রক্তপ্রবাহে সদাজীবিত।
রবোনা সুস্থতা বা সমাধির তরে অপেক্ষমান।
শুশ্রূষা ?
শুশ্রুষা পাওয়ার অধিকার অর্জন করতে হয় !
আরোগ্য আর অন্তকালের মাঝে
বেদনায় সিক্ত এক অনন্ত তান সদা বাজে ...
নটরাজ্ঞী ,
তোমার সৃজন-লয়ের পদতানে
শয়নে স্বপনে জাগরণে
অদৃশ্য অঙ্গুলী হেলনে
জাগি। বাঁচি ।
বেঁচে আছি ...
সুধন্যাকে ধন্যবাদ না জানানোই শ্রেয়;
জানানোর যোগ্য হতে হয় !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন