থমক লাগা নদী সমীপেষু

দূরত্ব চাইছো
নিজের মতো বইতে চাইছো ,
আরও বিস্তারিত হতে চাইছো!

এবং আমাকে এ সবের বাধা
বলে বিশ্বাস করছো!
অসহ্য বলে মানছো।

তবে কেন আলগোছে
লেগে থাকা!
ভদ্রতা ?
নিয়ম রক্ষা?

এ্যাতো ভাবলে
প্রগতির গতি যে
থমকে যাবে, বন্ধু!

চলার পথের নুড়িকে
কখনও স্নেহের, দয়ার
আতিশয্যে কোলের
যত্ন দেওয়া যায়ই...

এ রত্নযাপন স্বল্পায়ু হওয়াই স্বাভাবিক!

তোমার পরশে পাথর
জীবন হতে মুক্ত হয়েছি ...
নিজেকে জীবিত বুঝছি !
এ খুব কম পাওয়া কী? অভাবিতপূর্ব!

চলো, চলো সামনে তাকিয়ে ...
যেমন, যেথা ইচ্ছে এগিয়ে বও।

নদীকে, স্রোতশীলাকে থামলে চলবে?
এ নুড়িকে কোলচ্যূত করে ফেলে
বয়ে চলো ...
স্বাভাবিক ছন্দ- অলঙ্কারে!

"ওগো নদী, আপন বেগে পাগল-পারা..."


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০