হিম- হৃদয় সম্বাদ

'এসো। ফিরে এসো... আরবার!'
এ আর্তি, এ তুষার-কুয়াশা মিথ্যে।

কায়া ছাড়া আর সব রেখে গেছো
সব ভার, সব স্পন্দন, সব কান্না-হাসি!
সব ভালো ভাষাভাষী, ভাসাভাসি!
কৃপণ, নিঠুর শরশব্দালীতে বেঁধা যায় না,
যায় কী তোমায়! প্রত্যাগত বেদনার তো
একটাই ঠিকানা... আমারই হৃদয়। নিজস্ব।

একা আর তোমার ভালবাসাহীন বাসায়
ঘরকন্না মন্দ কী!
চলে যাওয়া আদপে যাওয়া কী!
বলে বা না বলে যাওয়া তো আরও তুচ্ছ ব্যাপার।
ভুলে যাওয়া বা না যাওয়া ...
বাঁচা বা না বাঁচাও তাই।

শীতকাতুরে প্রভাতী, নিজের নাম কী রেখেছো
জানি না। সবটা ফেলে কেমন আছো। তুমি?

নাকি এসব  কর্তিত , খণ্ডিতেরই ক্রন্দনমাত্র!
অবহেলিত প্রশ্নেরা জুড়ে জুড়ে আজ উত্তরগর্ভী। 
উত্তরের আশা আরও উত্তরে উত্তরে গিয়েছে সরে ...
মরণশীল মৃত্যুর শিলিভবনে হিম-দান শুধু ;
জমাটমান  মৃত্যু জবাব খোঁজে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০