আত্ম ও আত্মার আলাপন ৩

    ।। তিন।।

আজ তুই গাছ। তরুণী তরু। কায়ায় ছায়ায় মায়াময়।পান্থপাদপী। আদতে বনস্পতি। ঐতিহ্যময় বাওবাব।আস্থা, আশ্রয়, আস্বস্তির একচ্ছত্রবিগ্রহ।

আমি তোর গায়ে একটা ছত্রাক ।তুচ্ছ, সামান্য।আগে স্রোতের শৈবাল ছিলাম। আটকে আটকে চলছিলাম। এখন এঁটুলির চেয়েও আঠালো। নাছোড়। গড্ডলিকায় চলছিলাম মরণের, মোহনার দিকে। ঈশ্বরী ,তুই দীঘল চোখে তাকালি। করুণার দীপ্তিতে রঞ্জিত হয়ে উঠলো তোর ওষ্ঠ-যুগল। বাহুদ্বয়ের পেলব বিস্তারে আমার পতন থমকে গ্যালো। তোর প্রশ্রয়ে নতুন শেকড়ের জন্ম হলো। কোলে তুলে নিয়ে ভাবলি ... স্বর্ণলতা করে রাখবি। জড়াতে দিবি সর্বাঙ্গে। আমি যেন তোর   প্রিয়তর কোনও এক  অতি আদুরে ভাগ্যবান শিশু সারমেয় !
   উল্টে আঁচিলের মতো আটকে গেলাম তোর গায়ে। তুই ভাবছিলি একাই ঝরে যাবো। ওহে চিরলাবণ্যময়ী, গায়ে যে দাগ রয়ে যাবে!
   আবার ঋতুরা হিমের পর বৃষ্টি আনবে। আনবে ঝড়ের ফুতকার। সব ক্ষত ,ধূলো, দাগ ঝরে পড়বে মৃত্তিকায়। জড়ে বিয়োজিত হবো। নিয়োজন... নির্বাণ...  ফের জন্মান্তরের চক্র। তোর প্রতি অনন্ত মহুটান ... বারবার... প্রতিবার।
   ফের  জন্ম...  ফের তোকে কাছের পাওয়ার মোহ ... আবার মুক্তি পথযাত্রা ...  ফের নির্বাণ! ক্লান্ত শ্রান্ত হইনা!  চাকা হতে চ্যূত হই না। কখনও ।তোর ছায়ায় ,মায়ায় জনমে জনমে বাঁচতে আসতে মোটেও খারাপ লাগে না!

গাছের কাছে এ কণা মৃত্তিকা অতি তুচ্ছ, নগণ্য, মূল্যহীন। গায়ে জেগে ওঠা বীজের উদ্ভাসকে 'আমি' ভাবার ভুল শোধ দিতে দিতে আরেকটা জন্ম এসে দোরে কড়া নাড়ছে !

গাছেরা মরে না। মেরে ফেলা হয়। স্বাভাবিক সবুজতায় ডালপালা বিস্তৃত হতেই থাকে। এক হতে বহু। বহুগুণায়ণে। সে কাউকেই নিজে থেকে ঝরিয়ে, নামিয়ে দেয় না। সময় আর মৃয়মানের উদ্বর্তী বোঝাপড়া সব মিলিয়ে দেয় এক সময়।এই দ্বন্দ্ব, এই খেলা দেখার তোর সময় থাকার কথা নয়। তোর দেখাদেখি, আমিও আমার সবটা সময়ের স্রোতে যুতে দিয়েছি। আমি অন্তমুখী, তুই অন্তহীন! তুলনা হয় না ; তবু...
 ভাগ্যিস প্রস্তরে পরিণতি পাইনি। মাটি বলে ... আমার অন্তরে আগুন বা সলিল সবই বইতে পাবে! আহ্! কী জীবন ... !

এ জনমে আমার শুধু যাওয়া আছে; ফেরা নেই।
তবু খেদহীন! পরজন্মের জাতক হতে চাতক হয়ে আছি ...
তোর গন্ধ, স্পর্শ, বাহুডোর বা পদতল...  কোনও একটা পাবোই। পাবো। তুই আমায় চিনে উঠতে উঠতে...  আগুয়ান আর একটা জীবন হাত বাড়িয়ে কাছে টানবে। ভালবাসবো।তোর ভালোবাসা চাইতে চাইতে ... আবার নতুন ভোর। আবার আবার ভালোবেসে যাবো। পাবো না এমনি বারবার ...

বৃক্ষের কাছে ফিরে আসতেই হয়। তোর কাছে আসবোও বারবার। 

মন্তব্যসমূহ

  1. ভালো ভাবনার বিস্তার আরো ডালপালা মেলুক মলয় বাতাসে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ। আরও বিস্তৃত আয়ু লেখার অশেষ অনুপ্রেরণা বজায় রাখুন। যত দিন পারেন।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০