শীতের নোটিশ পাওয়া থরথর পাতাদের প্রতি

বহু গবাক্ষওয়ালা অন্ধ গুহাগাত্র-চিত্রে
চোখ চালিয়ে তুমি পড়ছো -
কারা কী খাবে, কী পরবে , কী বলবে
উচিত- অনুচিতের...  উল্কি-বোনা গল্প!
অবশ্যই নিটোল বারুদ ঠাসা আফিমি গপ্পো।
আর তাকে গল্প বলে না মানার বিশ্বাসে ,
তর্কে -বিতর্কে আমরা পুরো দেশ গুলোচ্ছি!
যাঁরা বুনে ছিলেন তাঁরা ঘোলাজলে
তিমি ধরে চলেছেন... দৈনন্দিন নতুন যাঁতাকলে।

তোমার 'পরাণ যাহা চায় ' তা বলতে-খেতে-পরতে
এমনকি পড়তে পারার অধিকারও,
আসলে তোমার নেই!
কিন্তু ,ভাবানো হচ্ছে - আলবাৎ আছে!
নারী-শিশু সম্পদকে ঢাল করে এগোনো
ধ্বংস ধ্বস বা শেষের অবশেষে অকৃতজ্ঞতা ,
অকর্মণ্যতাকে প্রগতির মোড়কে মোড়ন-শিল্প!
সর্বথা আবেগের বেগ নিয়েই খেলা। শুধু।

একটা রাখাল সামনে 'পোঁ' বাজাচ্ছে...
মেষেরা চোখ বুজে কদম কদম পিছোচ্ছে
খতমের দিকে! আত্মঘাতী চলন।
যেখানে ইচ্ছে তুমি যেতে পারোই...
'কিন্তু, কেন যাবে? '। যাওয়া যাবেনা!
তোমার উত্তর শোনার জন্য কেউ বলে নি।
বসেও থাকে না। কেউ থাকেওনি কখনও।

করদ -ভোটাধিকারী দ্বায়িত্বপরায়ণ দেশবাসী -
এ পরিচয় যথেষ্ট কী! অবশ্যই না।
তুমি বোকা, তুমি ভীতু, তুমি শম্বুক
তুমি মেরদন্ডের ক্ষয়রোগী - এসব শর্ত
নিশ্চিত না হওয়া অবধি শান্তি নেই!
হতে না পারো সাজো
অন্তরে অন্তরে বাজো ...

সব কিছু হতে হাত তুলে নাও...
দু'হাত ঊর্ধ্বে তুলে সমর্পণ করো
ঈশ্বর বা শাসক কিম্বা দৈত্য বা দুষ্কৃতিকে ;
বলো, 'আমার তো কোনও হাত নেই !'
দুই নয়, এক নয় ... কিছুই নেই ;
শুধু একটা বৃদ্ধাঙ্গুল ... ভোটের, লবডঙ্কার তরে
প্রাণভোমরা হয়ে তোমার জীবন জিইয়ে রেখেছে!
ভালোবেঁচেও যেতে পারো আরও কিছুদিন। এভাবে।

কিছু লেখা, কিছু আঁকা, কিছু কর্মকীর্তি...
বেহাত সত্ত্বেও ও জন্মাচ্ছে! এখনও ।
ঘুরছে, ঘুরবেই...  সময়, চাকা, পৃথিবী
তুমি-আমি অহ্ন বর্ষ। বেনিয়মহীন।
আঁধার আছে বলে তুমি আসবেই। নিশ্চিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০