না জানাই ভালো

সবাই সর্বদা সর্বথা
একসঙ্গে ভালো থাকতে পারে না।
কখনও।

আহ্লাদী কচি কলাপাতা-রঙা পাতায়
মহুয়ায় বসন্ত লাগবার পরেও...
কোথাও কোনও সৌভাগ্যবান ডালে
লেগে থাকতেই পারে নিদ্রালু শিশুর
ওষ্ঠকোণের স্মিতাভার মত দু'একটা ফুল।
শান্ত স্নিগ্ধ ভালোলাগার!

কখনও কি তরু-তরুনীর পদলগ্ন
মৃত্তিকার দিকে তাকিয়েছো...?
প্রমত্ত হস্তি, হরিণ সহ কত মানুষ মানুষী
তোমাকে পেতে আমার বুকে পা রেখে
হেঁটে গেছে! যে ধূলোয় স্বস্তিসুখ পাও -
জানো কি তা কার ক্ষরিত রক্তের আবীর?

ভাগ্যিস জানো না!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০