অনাধ্যাত্মিক

সব লেখা গুলো আজ
জীবন হয়ে গেছে।
খাপছাড়া, অপূর্ণায়ত...
অভিশপ্ত!
দৈত্যাকার এক অপূরণীয় খাদ।
খাদ্যহীন হাহাকারের হাঁ-ময়।

সদ্যপ্রয়াত শীতে
পরস্পরের কায়া হতে উষ্ণতা
জাগাতে না পেরে
নিগড় শিথিল হয়ে গেল...
তোমার আমার কাছে থাকার সুতো।

কাছে কাছেই আছে
 দ্বিখন্ডমান শ্বাপদটা...
 এখনও জ্যান্ত ছটফটানিময়।
আমারই কারণে খোলসের মৃততার
পরিচয় পেয়েছে সম্পর্কটি।

হাহাকার অবয়বহীন, অনন্ত...
বইতে,বাইতে থাকা আমরণ!
স্মৃতি বাঁচন শুরু।

ভগবানের কাছে প্রার্থনাই সাজে,
কাছে পাওয়া নয়।
 আসাটা স্বপ্নের ছিল বলেই
 টুটে গেল, ঘুচে গেল সব...!

ভগবান, তোমার সখা হতে পারিনি
বলেই হয়তো পেয়েও হারালাম...
জিজ্ঞাসার অধিকার অর্জন করলে
হয়তো বলতাম,
'কেন এসেছিলে? '

সবাই ডাকলেই কী তোমায়
এভাবে পায় ; স্বপ্নাতীত!

তুচ্ছ তৃণকে কেই বা গণ্য করে!
পুরো ব্রম্হান্ডই তো তোমার।
 সচ্চিদানন্দময়ী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০